আসন খালি না রেখে অতিরিক্ত ভাড়া আদায় নয়: সড়কমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: গণপরিবহনে আসন খালি রাখা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আসন খালি না রাখলে ও স্বাস্থ্যবিধি না থাকলে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেবে কেন?
আজ শনিবার (২২ আগস্ট) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্যমে রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
গণপরিবহনে আগের ভাড়া নেওয়া হবে নাকি বর্ধিত ভাড়া বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত দেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ মালিক-শ্রমিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে কিছু সুপারিশ তৈরি করেছে। এগুলো মন্ত্রণালয় হয়ে কেবিনেট ডিভিশনে পাঠানো হবে। কীভাবে এবং কোন শর্তে আগের ভাড়ায় ফিরে যেতে হবে বা ফিরে যেতে হবে কিনা- এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা তা অবহিত করবো।’
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ একটি নির্দিষ্ট পর্যায়ে রয়েছে। বাড়ছেও না, কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। নিউজিল্যান্ড, স্পেনসহ ইউরোপের অনেক দেশে দ্বিতীয় ওয়েব শুরু হয়েছে। বাংলাদেশেও যে কোনো সময় পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় ওয়েব শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
করোনা শিগগিরই চলে যাচ্ছে এমন মনে করার কোনো কারণ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। জীবন জীবিকার প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সকলের অভ্যাসের পরিবর্তন করে স্বাস্থ্যবান্ধব হতে হবে। সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থার দিকে অধিক মনোযোগ দেওয়াই হচ্ছে করোনা প্রতিরোধের সর্বোত্তম কৌশল।
করোনাভাইরাস মহামারীর কারণে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গত ১ জুন থেকে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। এ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। শুরুতে কিছু পরিবহন প্রতিশ্রুতি মেনে চললেও এখন অনেকেই তা মানছেন না। কুরবানির ঈদের আগে সংশ্লিষ্টদের কাছে স্পষ্টভাবেই এ সংক্রান্ত নানা অভিযোগ এসেছে।
-
১৩ জানুয়ারী, ২০২২
-
০৪ জানুয়ারী, ২০২২
-
০৬ নভেম্বর, ২০২১
-
১০ অগাস্ট, ২০২১
-
০৯ অগাস্ট, ২০২১
-
১৪ জুলাই, ২০২১
-
০৩ মে, ২০২১
-
০১ মে, ২০২১