এবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালককে অব্যাহতি
মেডিভয়েস রিপোর্ট: করোনা মোকাবিলায় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম (পিপিই) সরবরাহে ব্যর্থতাসহ নানা অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে এবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব।
আজ বুধবার (২২ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।
জানা গেছে, করোনাভাইরাসের টেস্ট জালিয়াতির অভিযোগে সিলগালা করা রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছিলেন তিনি।
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। মঙ্গলবার সন্ধ্যার পর জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।