১৪ মে, ২০২০ ০১:৪২ পিএম
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ শুরু

করোনায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ শুরু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারি রোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মধ্যে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রম চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসেবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় চলমান লকডাউনের ফলে ভাসমান এবং নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ঘাট শ্রমিক, রিকশাওয়াল, নির্মাণ শ্রমিক, নরসুন্দর, চায়ের দোকানদার, কুলি মজুরসহ দিন আনে দিন খাওয়া যেসব মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। সরকার সেই চেষ্টা করছে, তারই অংশ হিসেবে সরকার কিছু নগদ অর্থ সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, ৫০ লাখ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হবে। এর আগেই আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতা ও ১০ টাকা কেজিতে চালের ব্যবস্থা করা হয়েছে। যারা এ সুবিধা পাচ্ছেন না কেবল সেইসব অসহায় মানুষ এই সহায়তা পাবেন। এই লক্ষ্যে আমরা এক হাজার দুই শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় প্রত্যেক পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে  দেওয়ার  পাবে। বিতরণের ঝামেলা এড়াতে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে। এতে কোনো বাড়তি চার্জও লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এসময় বিত্তবান এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে বলেন, অসহায়দের সহযোগিতায় আরও বেশি করে এগিয়ে আসুন। নিজ নিজ এলাকার অসহায় মানুষকে সাহায্য করুন এবং ধান কাটায় অংশ নিয়ে কৃষকদের কষ্ট লাঘবে কাজ করুন। এছাড়াও সব ধরনের পতিত জমিতে যে কোনও ধরনের ফসল ফলানোর উদ্যোগ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি এই সহায়তাপ্রাপ্তদের তালিকা তৈরি করেছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ্য, সারাদেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে এককালীন আড়াই হাজার টাকা করে এক হাজার ২৫০ কোটি টাকা নগদ সহায়তা বিতরণ করছে সরকার। বিকাশ, রকেট, নগদ ও সিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’ কোটি টাকার তহবিল বিতরণ করা হবে। প্রতি পরিবারে ধরা হয়েছে চার জন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকার ভোগী হবে দুই কোটি মানুষ। প্রতিদিন ১০ লাখ মানুষ নগদ সহায়তা পাবেন এবং পুরো তহবিল ১৪ থেকে ১৮ মের মধ্যে বিতরণ করা হবে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক