নার্সিং সেবা খাতকে উন্নত করতে বঙ্গবন্ধুর গভীর ইচ্ছে ছিল: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আজ বিশ্ব নার্স ও মিডওয়াইফ দিবস। করোনা মহামারির ফলে স্বল্প পরিসরে বাণী ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকল নার্স ও মিডওয়াইফদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় ধাত্রীদের খুব কঠিন পরিস্থিতিতে মহিলা, কিশোরী এবং নবজাতকের জীবন বাঁচাতে হয়, তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ৫ মে আন্তর্জাতিক নার্স এবং মিডওয়াইফ দিবস পালন করা হয়। আধুনিক নার্সিং পেশার প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেল অসুস্থ মানুষের সেবা করার জন্য নিজের পুরো জীবনটাই উৎসর্গ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা তাঁর মমত্ববোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ক্রিমিয়া যুদ্ধে আহত সৈন্যরা তাকে ‘লেডি উইথ ল্যাম্প’ বলে ডাকতেন। অন্যরা তাকে ‘ক্রিমিয়ার অ্যাঞ্জেল’ বলে অভিহিত করেন।
শেখ হাসিনা বলেন, নার্সিং সেবা খাতকে উন্নত করার গভীর ইচ্ছে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি একে সমাজে একটি মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করতে কাজ করে গেছেন। আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ নার্সিং এবং মিডওয়াইফারিদের সামাজিক অবস্থান বাড়িয়ে দিয়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও প্রধানমন্ত্রী মনে করেন।
এই খাতের উন্নয়নে বেশ কয়েকটি নার্সিং ইনস্টিটিউট ও কলেজ প্রতিষ্ঠা, নার্সিং ও মিডওয়াইফারি কর্মক্ষেত্রকে উন্নত ও কার্যকর করা এবং প্রশিক্ষণ ও উচ্চতর পড়াশোনার সুযোগ সৃষ্টি করাসহ তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন এবং রোগীদের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে নার্স ও মিডওয়াইফরা অপরিসীম অবদান রাখছেন।
এ সময় তিনি আধুনিক নার্সিং পেশার প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০০ তম জন্মবার্ষিকীতে বিশ্ব স্বাস্থ্য পরিষদ ২০২০ সালকে আন্তর্জাতিক নার্স এবং মিডওয়াইফ বর্ষ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।