বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকেরা রোগীদের সেবায় অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার স্বাস্থ্যসেবার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকেরা সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও সীমিত জনবল নিয়েই তাঁরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ প্রমাণ করতে চায় যে দেশটি পারে এবং পারবে। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুতফুল কবির। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বক্তব্য দেন।
এমআর/