দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার তিনজন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
ঢাকা মহানগরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৭ জন। এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১৪০ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮৬১ জন।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে আরও এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।
এমআর/