উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ পদে চিকিৎসক নেই। বর্তমানে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন চিকিৎসক।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এমপিদের প্রশ্নের জবাব দেন।
সিরাজগঞ্জ-৪ আসনের এমপি রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্যপদ ১১ হাজার ৩৩৬টি। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬টি পদ।
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকায় সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। টিকাদানের এ হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
পাবনা-৫ আসনের এমপি মো. শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বর্তমান সময়ে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে এ প্রবণতা বেশি।
টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নতুন ও নবায়ন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
এইউ/