ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৫ সালে জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ নামে নতুন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
দেশে মেডিকেল কলেজ
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এ ছাড়াও ঠাঁকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অন্য দিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর একটি করে আর সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার (ডিজিএমএস) মাধ্যমে ঢাকায় পরিচালিত হয় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি)।
সরকারি-বেসরকারি মেডিকেলের আসন
অধিদপ্তরের তথ্য মতে, সরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০ জন এবং বেসরকারিতে ছয় হাজার ২৯৩ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেতেন। গত বছরের নভেম্বর মাসে বিন্যাসের পর সরকারিতে পাঁচ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা দাঁড়ায় ছয় হাজার একটি।
আর সেনাবাহিনীর ছয়টির মধ্যে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে পরিচালিত মেডিকেলে ৫০টি করে আড়াইশ’ এবং এএফএমসিতে ১২৫টি আসন রয়েছে। আর নতুন করে চট্টগ্রামে চালু হওয়া নৌবাহিনীর মেডিকেলে ৫০টি আসন রয়েছে।
সেই হিসাবে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনীর মেডিকেল কলেজ মিলিয়ে আসন সংখ্যা হলো ১১ হাজার ৫২৬টি।
এমইউ/