১৩ নভেম্বর, ২০২৬ ০৮:৪১ পিএম

‘ক্যান্সার চিকিৎসায় জাতীয় মলিকুলার বায়োলজি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের’

‘ক্যান্সার চিকিৎসায় জাতীয় মলিকুলার বায়োলজি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ সরকারের’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্তন ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি ও উন্নত গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। পাশাপাশি দেশের ১০টি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা, আধুনিক যন্ত্রপাতি কেনা এবং দেশে-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে জানান তিনি।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন। সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে আক্রান্ত নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক ও দেশি-বিদেশি গবেষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসাকেন্দ্র

দেশের ক্যানসার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের পরিকল্পনার কথা জানিয়ে এম এ মুহিত বলেন, বিভাগীয় পর্যায়ের ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এসব কেন্দ্রকে আঞ্চলিক ক্যানসার চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আশপাশের জেলা হাসপাতালগুলোর সঙ্গে এগুলোকে যুক্ত করা হবে। এর ফলে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত কেন্দ্রে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের কয়েকটি বড় শহরে ক্যানসারের বিশেষায়িত চিকিৎসাসেবা সীমিত রয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়। এই পরিস্থিতি পরিবর্তনে চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেরিতে হাসপাতালে আসছেন অধিকাংশ রোগী

অনুষ্ঠানে বাংলাদেশের স্তন ক্যানসারবিষয়ক একটি গবেষণার তথ্য তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অর্ধেকের বেশি রোগী চিকিৎসার জন্য দেরিতে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ২২ শতাংশ দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এবং ৩১ শতাংশ চতুর্থ পর্যায়ে চিকিৎসা নিতে এসেছেন।

তিনি বলেন, রোগ শনাক্তে এই বিলম্ব চিকিৎসার ফলাফলেও প্রভাব ফেলে। এ ছাড়া গবেষণায় ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার ফিরে আসা অথবা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ হার কমিয়ে আনা প্রয়োজন।

এম এ মুহিত বলেন, বাংলাদেশের মতো দেশে স্বল্প ব্যয়ে কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। তাই সীমিত ব্যয়ে বেশি মানুষের কাছে স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়ার উপায় বের করতে হবে। এ বিষয়ে চিকিৎসক ও গবেষকদের বাস্তবসম্মত সুপারিশ প্রয়োজন।

চালু হবে ই-হেলথ ব্যবস্থা, গুরুত্ব এআই ব্যবহারে

স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে এখনো জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা নেই। ই-হেলথ ব্যবস্থা চালু হলে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলা যাবে। এ ব্যবস্থা রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠানোর রেফারেল প্রক্রিয়া আরও কার্যকর করবে। একই সঙ্গে রোগীর পরিচয় গোপন রেখে গবেষণার কাজে তথ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা পাওয়া যাবে।

স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, স্তন ক্যানসার স্ক্রিনিং, রেডিওথেরাপিসহ চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আরও গবেষণা ও তথ্য প্রয়োজন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ার অধ্যাপক ডন এস ডিজন এবং ইউটি হেলথ সান আন্তোনিওর সার্জারি বিভাগের অধ্যাপক ইসমাইল জাতোইসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।