১২ নভেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম
সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট

ভুয়া তথ্য প্রতিরোধে ১১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে বাংলা ফ্যাক্ট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি।

আজ জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলা ফ্যাক্ট। এ ছাড়া সংবাদমাধ্যমের অনুকরণে অপতথ্য প্রচারকারী ১৯টি ওয়েবসাইট, ৮ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও শতাধিক এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলা ফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পিআইবির প্রশিক্ষণ বিভাগ ৪৪টি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১ হাজার ৬৯১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এসব প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিংয়ের বিষয় অন্তর্ভুক্ত ছিল। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্য যাচাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদপ্তরের কমিটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হচ্ছে।

এদিকে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর এটি গেজেট আকারে প্রকাশিত হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর নিয়ে মতপার্থক্য এবং একাধিক মামলা চলমান থাকায় তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। যদিও বাসসসহ কয়েকটি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেছে।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক