১২ নভেম্বর, ২০২৬ ০৭:০৩ পিএম
বিজ্ঞান ও গবেষণায় আস্থা বাড়াতে

‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর 

‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে বৈশ্বিক আন্দোলন শুরু ডব্লিউএইচওর 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিজ্ঞান ও গবেষণার প্রতি মানুষের আস্থা জোরদার এবং স্বাস্থ্য ও উন্নয়নে বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার বাড়াতে ‘টুগেদার ফর সায়েন্স অ্যান্ড হেলথ’ নামে নতুন বৈশ্বিক আন্দোলন শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ২৪০টির বেশি প্রতিষ্ঠান ও সংগঠন একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। বিজ্ঞানী, নীতিনির্ধারক, বিভিন্ন দেশের নেতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ আন্দোলনে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী কার্যক্রমে নেতৃত্ব দেন ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়াসুস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এ উপলক্ষে বিভিন্ন দেশ ও অঞ্চলে ১২টি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, মানবজাতির অন্যতম শক্তিশালী হাতিয়ার বিজ্ঞান, যা সবসময় উন্নত স্বাস্থ্যসেবার ভিত্তি হিসেবে কাজ করেছে। টিকা, ওষুধ, রোগ প্রতিরোধ ও প্রাদুর্ভাব মোকাবিলার মাধ্যমে বিজ্ঞান মানুষের দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করতে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, এ আন্দোলনের মাধ্যমে বৈজ্ঞানিক তথ্য, মানুষের আস্থা ও উদ্ভাবনকে সুস্থ সমাজ গঠনের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠায় কাজ করবে ডব্লিউএইচও ও সহযোগী প্রতিষ্ঠানগুলো।

উদ্যোগটির মূল লক্ষ্য তিনটি—বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদার, স্বাস্থ্যনীতি প্রণয়নে বৈজ্ঞানিক প্রমাণের ব্যবহার বাড়ানো এবং বিজ্ঞানবিষয়ক তথ্যের প্রচার ও আলোচনা আরও কার্যকর করা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের অভিজ্ঞতা, সম্পদ ও কার্যকর পদ্ধতি বিনিময়ের পাশাপাশি যৌথভাবে কাজ করবে।

ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী এবং স্বাস্থ্যব্যবস্থা, প্রবেশাধিকার ও তথ্যবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মহাপরিচালক ড. সিলভি ব্রিয়াঁ বলেন, কোনো প্রতিষ্ঠান, দেশ বা জনগোষ্ঠী একা মানুষের আস্থা তৈরি ও ধরে রাখতে পারে না। এ উদ্যোগ বিভাজনের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

তিনি আরও বলেন, বিজ্ঞান একটি অভিন্ন সম্পদ, যা আরও সুস্থ, ন্যায়সংগত ও সংকট মোকাবিলায় সক্ষম সমাজ গঠনে সহায়তা করতে পারে।

ডব্লিউএইচও জানায়, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে মানুষ যেভাবে স্বাস্থ্য ও বিজ্ঞানবিষয়ক তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও প্রচার করছে, তাতে বড় পরিবর্তন আসছে। এ পরিস্থিতিতে বিজ্ঞান ও সমাজের মধ্যে সংযোগ বাড়িয়ে নির্ভরযোগ্য তথ্য ব্যবহারে মানুষের সক্ষমতা ও আস্থা তৈরিতে কাজ করবে নতুন এ আন্দোলন।

উদ্যোগে যুক্ত হতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটির লক্ষ্য, বৈজ্ঞানিক অগ্রগতির সুফল যেন সবার স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগে।

এইউ/ 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও