বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শুরু কপ-৩১, স্বাস্থ্য-কৃষি ও খাদ্যনিরাপত্তায় নতুন উদ্যোগ
মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় স্বাস্থ্য, কৃষি ও খাদ্যনিরাপত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর প্রেসিডেন্সি। আজ সোমবার (৯ নভেম্বর) সম্মেলনের প্রথম দিন তুরস্কের আন্তালিয়ায় এসব উদ্যোগ ও কর্মসূচি তুলে ধরা হয়।
প্রথম দিনের প্রতিপাদ্য ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি, কৃষি উৎপাদনে বিঘ্ন এবং খাদ্যনিরাপত্তার ওপর চাপ মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তিগত সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে কপ-৩১ প্রেসিডেন্সি ‘আন্তালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ (এআইআর) চালুর ঘোষণা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও সহনশীল করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এর আওতায় জলবায়ু সংবেদনশীল স্বাস্থ্যপ্রযুক্তি, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হচ্ছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জাতীয় অগ্রাধিকার ও যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন বিভিন্ন দেশের নীতিনির্ধারকেরা।
কৃষি ও খাদ্যনিরাপত্তা খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) এবং তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক একটি কারিগরি প্রতিবেদন প্রকাশের কর্মসূচি রয়েছে। এতে জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে নারী কৃষকদের সুযোগ ও প্রতিবন্ধকতা তুলে ধরা হচ্ছে।
একই সঙ্গে নারী কৃষকদের অর্থায়নে প্রবেশাধিকার বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে উচ্চপর্যায়ের সংলাপের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া এবং জলবায়ু তথ্যের কার্যকর ব্যবহার নিয়েও আলোচনা করছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। বিশেষ করে আবহাওয়া ও পানিসংক্রান্ত তথ্য কাজে লাগিয়ে কৃষি উৎপাদন, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের প্রথম দিনেই ডব্লিউএমওর ২০২৬ সালের বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশের কর্মসূচি রাখা হয়েছে। এতে বৈশ্বিক তাপমাত্রা, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং সমুদ্রের তাপমাত্রার সর্বশেষ চিত্র তুলে ধরার কথা রয়েছে।
খাদ্য ও কৃষিব্যবস্থার রূপান্তরে তরুণদের সম্পৃক্ততা বাড়াতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কপ-৩১ প্রেসিডেন্সি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের আয়োজনে উচ্চপর্যায়ের সংলাপে কৃষি, পানি ও খাদ্যব্যবস্থায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তরুণ জলবায়ু উদ্ভাবকদের নতুন প্রযুক্তি ও সমাধান তুলে ধরতে বিনিয়োগকারী, অর্থায়নকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিশেষ আয়োজন রাখা হয়েছে।
কপ-৩১-এর প্রথম দিনের কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনকে শুধু পরিবেশগত সংকট হিসেবে নয়, বরং জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।
এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো, অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমআর/
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা