৩০ অক্টোবর, ২০২৬ ০২:৪৯ পিএম

স্ট্রোক প্রতিরোধ ও আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বারডেম-ইব্রাহীম কার্ডিয়াকের সেমিনার

স্ট্রোক প্রতিরোধ ও আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বারডেম-ইব্রাহীম কার্ডিয়াকের সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করেছে বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ সেমিনারে দেশের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, হৃদরোগ বিশেষজ্ঞ, পুনর্বাসন বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীরা অংশ নেন। এতে স্ট্রোকের ঝুঁকির কারণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, জরুরি চিকিৎসা, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সচিব অধ্যাপক ডা. ফিরোজ কাদের এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. একরামুল হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর। অনলাইনে বক্তব্য দেন স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডির নিউরোলজি বিভাগের চেয়ার অধ্যাপক আইরিশ গানওয়াল্ড।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন এবং বারডেম জেনারেল হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

সেমিনারে বক্তারা বলেন, স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। বাংলাদেশেও এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, ধূমপান, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা ও হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এসব ঝুঁকি নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। হঠাৎ মুখ বেঁকে যাওয়া, শরীরের এক পাশের হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া কিংবা কথা বুঝতে অসুবিধা হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। উপযুক্ত রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা শুরু করা গেলে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং জীবন রক্ষার সম্ভাবনা বাড়ানো সম্ভব।

আধুনিক চিকিৎসাব্যবস্থা নিয়ে আলোচনায় বক্তারা জানান, স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় ও রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা নির্বাচন জরুরি। ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে উপযুক্ত রোগীদের শিরাপথে থ্রম্বোলাইটিক চিকিৎসা এবং নির্বাচিত ক্ষেত্রে যান্ত্রিক থ্রম্বেকটমি কার্যকর হতে পারে। অন্যদিকে, হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে রক্তক্ষরণের ধরন অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণ, রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিউরোসার্জিক্যাল চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন তারা।

স্ট্রোক-পরবর্তী পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও সোয়ালো থেরাপি এবং মনোসামাজিক সহায়তা রোগীর স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজে স্বনির্ভরতা ফিরিয়ে আনতে সহায়তা করে। এ জন্য রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু এবং তা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।

সেমিনারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক