মুন্সীগঞ্জে বিএসটিআইয়ের অভিযান: তিন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৪৫০০০ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: মুন্সীগঞ্জে তেল পরিমাপে কারচুপি এবং চিপস তৈরিতে ক্ষতিকর রং এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের নারায়নগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যেগে দিনব্যাপী মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে সদর উপজেলার রামপালে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে বোতলজাত ভোজ্য তেল পরিমাপে কম এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফর্টিফাইড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রয় করার দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৭৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর এক অভিযানে সদর উপজেলার দশকানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য প্রস্তত পণ্যে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার এবং উৎপাদিত পণ্যের মোড়কে কোনো রকম স্টিকার ছাড়াই বিক্রয় বিতরণ ও বাজারজাত করণের দায়ে রাজধানী চিপস এবং ভাই ভাই চিপস প্রস্ততকারী প্রতিষ্ঠান ২টিকে ১ লক্ষ ৭০হাজার টাকা জরিমানা আদায়সহ আড়াই হাজার কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংস করে।
অভিযানেকালে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ২টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে সহযোগিতা করেন নারায়নগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম। প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।
জেএইচ/