০৭ অক্টোবর, ২০২৬ ০৩:১৮ পিএম

হামের টিকা পেয়েছে দুই কোটি শিশু, দেওয়া হবে আরও ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামের টিকা পেয়েছে দুই কোটি শিশু, দেওয়া হবে আরও ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। তিনি বলেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ হাম-রুবেলা ক্যাচ-আপ ক্যাম্পেইন-২০২৬-এর টিকাদান সেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।

হাম প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও সরকার কার্যক্রম থামিয়ে দেয়নি। কারণ প্রতিটি শিশুর জীবন মূল্যবান। কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটিই সরকারের লক্ষ্য।

এ কারণে এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দূরবর্তী এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকাদান কর্মসূচি থেকে কোনো কারণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের সুরক্ষা নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তিনি জানান, দুর্গম পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসকারী শিশুদের কাছেও টিকাদান কার্যক্রম পৌঁছে দেওয়া হয়েছে। এটি সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

টিকাদান কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, সিটি কর্পোরেশন ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এইউ/ 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক