০৭ অক্টোবর, ২০২৬ ০২:০০ পিএম

বরফের নিচে মহাজাগতিক রহস্যের সন্ধান, পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

বরফের নিচে মহাজাগতিক রহস্যের সন্ধান, পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
বেলজিয়ামে জন্মগ্রহণকারী মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্মগ্রহণকারী মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন।

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতিঃপদার্থবৈজ্ঞানিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে হ্যালজেনের নাম ঘোষণা করে।

হ্যালজেনের গবেষণার অন্যতম বড় অবদান হলো অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরুর বরফের গভীরে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি গড়ে তোলার নেতৃত্ব দেওয়া। প্রায় এক ঘনকিলোমিটার বরফজুড়ে স্থাপিত এই পর্যবেক্ষণকেন্দ্রের মাধ্যমে মহাকাশ থেকে আসা অত্যন্ত উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করা সম্ভব হয়েছে।

এর ফলে নিউট্রিনোর মাধ্যমে মহাবিশ্ব পর্যবেক্ষণের নতুন একটি পথ উন্মুক্ত হয়েছে।

নিউট্রিনো হলো বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ এবং অত্যন্ত দুর্বলভাবে পদার্থের সঙ্গে মিথস্ক্রিয়া করা মৌলিক কণা। মহাজাগতিক বিভিন্ন উচ্চশক্তির ঘটনা থেকে উৎপন্ন এসব কণা প্রায় বাধাহীনভাবে মহাবিশ্ব পাড়ি দিতে পারে। আইসকিউবের মাধ্যমে এসব কণার সন্ধান মহাবিশ্বের দূরবর্তী ও শক্তিশালী উৎস সম্পর্কে গবেষণায় নতুন সুযোগ তৈরি করেছে।

ফ্রান্সিস হ্যালজেন ১৯৪৪ সালে বেলজিয়ামের তিয়েনেনে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনের অধ্যাপক এবং আইসকিউব প্রকল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

নোবেল পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল সপ্তাহের দ্বিতীয় পুরস্কার দেওয়া হলো।  ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কারের পদক, সনদ ও অর্থ তুলে দেওয়া হয়।

পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা

এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। পুরস্কারটি একজন বিজয়ী পেলে পুরো অর্থ তিনি পাবেন; একাধিক বিজয়ী হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া হবে।

এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার দিয়ে। এরপর ঘোষণা করা হয়েছে পদার্থবিজ্ঞানের নোবেল। রসায়ন ও সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা হবে যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার। শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল।

আর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার ঘোষণা করা হবে আগামী সোমবার।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও