পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, আটক ১
মেডিভয়েস রিপোর্ট: রংপুরের পীরগাছায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল সয়াবিন তেল তৈরি ও বাজারজাতকরণের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ভোজ্যতেল, খালি বোতল, কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী মশিউর রহমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েচে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় অভিযুক্তের দোতলা বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মশিউর রহমানের খুচরা ও পাইকারি মুদি দোকানে বৈধ ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে ক্ষতিকর রাসায়নিক ও নিম্নমানের উপকরণ দিয়ে নকল সয়াবিন তেল তৈরি এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। এ সময় বাড়ির নিচতলার তিনটি কক্ষ থেকে আনুমানিক ৫০-৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল তৈরির উপকরণ, খালি বোতল ও নকল লেবেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে দণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত ভেজাল মালামালের একটি অংশ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানান, ভেজাল ও নকল খাদ্যপণ্য তৈরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সয়াবিন তেলের সন্ধান পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
চিকিৎসকদের মতে, অনুমোদনহীন ও কৃত্রিম রাসায়নিকযুক্ত নকল ভোজ্যতেল নিয়মিত গ্রহণের ফলে গ্যাস্ট্রিক, আলসার, ফ্যাটি লিভার, কিডনি জটিলতাসহ দীর্ঘমেয়াদে হৃদরোগ ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
জেএইচ/