১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৮ পিএম
আইসিইউতে রোগীর মৃত্যু

টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি

টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উটেছে। এ ঘটনার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারসহ ৬ দফা দাবিতে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মবিরতিতে গেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে লাকী খানসুর (৫২) নামের এক মুমূর্ষু রোগীকে হাসপাতালের মেডিসিন বিভাগের ২ নম্বর ইউনিটে ভর্তি করা হয়। ওই সময় হাসপাতালে আইসিইউ শয্যা না থাকায় কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে স্বজনরা তা উপেক্ষা করে রোগীকে সেখানেই ভর্তি রাখেন।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আল-আমিন সিদ্দিকী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। একই দিন দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে ডা. আল-আমিন তাৎক্ষণিক জরুরি চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ০৪ মিনিটে রোগীর মৃত্যু হয়।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে, রোগীর মৃত্যুর পরপরই স্বজনরা উত্তেজিত হয়ে সরকারি কাজে বাধা দেন এবং কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আল-আমিন সিদ্দিকীর ওপর হামলা চালান। তারা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে জখম করেন এবং হাসপাতালের ফ্লোরে টেনেহিঁচড়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় মোছাদ্দেক আলী খানসুর তুহিন (মৃত রোগীর স্বামী), পলি খানসুর ও খন্দকার বদরুল রহমান বাবুলসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি-কর্মবিরতি

এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদ। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিকভাবে সব ধরনের দায়িত্ব বর্জনের ঘোষণা দেন তারা। বর্তমানে কর্মবিরতি পালন করছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ উস সামাদ মাহিদ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা, চিকিৎসকদের কর্মস্থলের সুরক্ষা নিশ্চিতে দ্রুততম সময়ে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন করা, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ, ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৯ম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ এবং প্রতি মাসে নিয়মিত ভাতা পরিশোধের নিশ্চয়তা।

একই সঙ্গে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা সাধারণ ক্যাডারের চেয়ে ২ বছর বাড়িয়ে ৩৪ বছর নির্ধারণ এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের জোর দাবি জানান ইন্টার্নরা।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। মিছিল শেষে হাসপাতালের প্রধান ফটকে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইন্টার্ন চিকিৎসক শাহরিয়ার রহমান, তাসনিম হোসাইন, আল শাহরিয়ার সাগর ও নাজমুল হাসান সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত