এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা: ৪ ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের ৪ ডিসেম্বরকে সামনে রেখে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।
তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং মোটামুটি ৪ ডিসেম্বরের জন্য প্রস্তুতি রাখা হচ্ছে। তবে এখানে একটি বিষয় রয়েছে—এইচএসসির ফল এবার কিছুটা বিলম্ব হতে পারে। সে কারণে পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।’
তিনি বলেন, এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেন, তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডগুলোর প্রায় এক মাস সময় লাগে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসির ফল প্রকাশ করা হলে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব হবে।
তবে ফল প্রকাশ অক্টোবরের তৃতীয় সপ্তাহের পর চলে গেলে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হতে পারে বলে জানান নাজমুল হোসেন। বলেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা প্রস্তুতি রাখছি, যেন ৪ ডিসেম্বর পরীক্ষা নিতে পারি।’
এমআর/এমইউ/