জনস্বাস্থ্য সুরক্ষায় সুগন্ধিযুক্ত সিগারেটের সস্তা বাজারজাত বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বিবেচনা করে ফ্লেভারিং ক্যাপসুল সংবলিত সিগারেটের বাজারজাতকরণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন সিদ্ধান্তের ফলে এ ধরনের সুগন্ধিযুক্ত সিগারেট আর নিম্ন মূল্যস্তরে সরবরাহ বা বিক্রি করা যাবে না। এখন থেকে কোম্পানিগুলোকে ন্যূনতম মধ্যম মূল্যস্তরের আওতায় এগুলো বাজারজাত করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয়। জনস্বার্থে এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজস্ব প্রশাসন।
চিকিৎসক ও তামাকবিরোধী গবেষকদের মতে, বিভিন্ন ফ্লেভারের ক্যাপসুলযুক্ত সিগারেট কম দামে পাওয়া গেলে তরুণ ও নতুন ধূমপায়ীদের মধ্যে আসক্তি দ্রুত বাড়ে। ফ্লেভারের আড়ালে তামাকের ক্ষতিকর দিকগুলো ঢাকা পড়ে যাওয়ায় তরুণ প্রজন্ম মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে।
এনবিআরের প্রজ্ঞাপনেও সতর্ক করে বলা হয়েছে, বাজারে নিম্ন মূল্যে ফ্লেভার্ড সিগারেট সহজলভ্য হলে ধূমপায়ীর সংখ্যা এবং অসংক্রামক ব্যাধিসহ সার্বিক স্বাস্থ্যঝুঁকি উভয়ই বৃদ্ধি পায়।
গেজেট অনুযায়ী বর্তমানে প্রতি ১০ শলাকার নিম্ন স্তরের দাম ৬৫ টাকা ও তদূর্ধ্ব, মধ্যম স্তর ৯২ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তর ১৬০ টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চ স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।
নতুন বিধিনিষেধের ফলে কোম্পানিগুলো ফ্লেভার্ড ক্যাপসুল সিগারেট আর ৬৫ টাকার নিম্ন স্তরে বাজারজাত করতে পারবে না। এসব সিগারেটের ক্ষেত্রে প্রতি ১০ শলাকার জন্য অন্তত ৯২ টাকা বা তার বেশি সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করতে হবে।
এ ছাড়া প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সুস্পষ্ট ও অনপনীয় কালিতে মুদ্রিত রাখার নির্দেশনাও পুনর্ব্যক্ত করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় জারিকৃত এ প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষর করেন।
জেএইচ/
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার