ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, এক সপ্তাহে ৩৩
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন রোগী। এ নিয়ে গত এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার ((১৭ সেপ্টেম্বর)) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৬২৪ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ৪০০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন রোগী, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫১৩ জন।
জেএইচ/