১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৮ পিএম

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাসেবায় গাফিলতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর নজরে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা আসে।

পরে তিনি হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

রোগী ও তাঁদের স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও করেন তারা।

অভিযোগগুলো শুনে দ্রুত প্রতিকারের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অবহেলা বা দায়িত্বহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মুগদা জেনারেল হাসপাতালে অনিয়ম ও চিকিৎসাসেবায় গাফিলতির অভিযোগগুলো যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ব্যর্থতা প্রমাণিত হলে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

একই সঙ্গে হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক