১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ এএম

ডেঙ্গু মেকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু মেকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে তরুণ সমাজকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্য, গার্লস গাইড, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে কাজ করলে দেশকে পুনর্গঠনের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের সব জেলার গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে, তা ২০২৪ সালের ৫ আগস্ট তারা সারা বিশ্বকে দেখিয়েছে। পরিবর্তনের সূচনাও তরুণ সমাজই করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ যদি দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসে, তাহলে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। দেশ কীভাবে গড়ে তোলা হবে, সে দায়িত্ব তরুণদের নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, দেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসি সদস্য প্রায় ২২ হাজার। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি; প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ এ সংখ্যা প্রায় আড়াই কোটি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস বিশেষভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, নিজের স্বাস্থ্য, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কাজটি কঠিন নয়। প্রত্যেক মানুষ প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা করে নিজের বাসা, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে সময় দিলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের মূল লক্ষ্য—‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।’

অনুষ্ঠান থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক সমন্বিত উদ্যোগে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু কোনো একক সংস্থার সমস্যা নয়; এটি একটি যৌথ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। শুধু ওষুধ স্প্রে করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল উৎসেই ধ্বংস করার পাশাপাশি প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক