সংসদের অধিবেশন দেখতে এসে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের অধিবেশন দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে তাশদিদের বাসায় গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় তাশদিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা তার পরিবারের কাছে পৌঁছে দেন ডা. বিটু।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সানিডেলের দশম শ্রেণির শিক্ষার্থী তাশদিদ। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তার কাছে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
পরে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুকে ডেকে এনে তাশদিদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডা. বিটু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাশদিদকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাশদিদকে নিরাপদে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন ডা. বিটু ও প্রটোকল কর্মকর্তা কামরুল ইসলাম।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তাশদিদ প্রায় সাত বছর ধরে একটি বিরল ধরনের হরমোনজনিত রোগে আক্রান্ত।
অসুস্থতার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা এবং পরদিনও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চিকিৎসক পাঠানোর ঘটনায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমআর/