০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ এএম

চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নাটোর সদর উপজেলায় নিজ চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার বাসিন্দা। তিনি নাটোরে এসে চেম্বার পরিচালনার মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আনোয়ারুল ইসলামের চেম্বারে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঈনুল হক।

এ ঘটনায় এখন পর্যন্ত হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় চেম্বার বা আশপাশে সিসি ক্যামেরা না থাকায় এবং নির্দিষ্ট কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় প্রাথমিকভাবে হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান মেডিভয়েসকে জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশের একাধিক দল ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে। হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন তথ্য ও সম্ভাব্য সূত্র যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক