০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ এএম

রোগী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধে রামেক হাসপাতালে চালু হচ্ছে ‘অ্যাম্বুলেন্স সেন্টার’

রোগী হয়রানি ও অতিরিক্ত ভাড়া বন্ধে রামেক হাসপাতালে চালু হচ্ছে ‘অ্যাম্বুলেন্স সেন্টার’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকহা) আগত রোগীদের পরিবহন ব্যবস্থা আরও সুশৃঙ্খল, নিরাপদ  করতে হাসপাতাল কর্তৃপক্ষ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী সিটি কর্পোরেশন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের প্রতিনিধিদের নিয়ে বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় রামেকহা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম। সঞ্চালনা করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাছিব।

সভায় রামেকহাতে রোগী পরিবহনে নিয়োজিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, রোগীদের হয়রানি ও দুর্ভোগ কমানো এবং হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে ‘রামেকহা অ্যাম্বুলেন্স সেন্টার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত এ সেন্টারের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ ও আরএমপির তত্ত্বাবধানে নিবন্ধিত বেসরকারি অ্যাম্বুলেন্স ও চালকদের তালিকা প্রস্তুত করা হবে।

তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সগুলো সিরিয়াল অনুযায়ী এবং রোগীর গন্তব্যের দূরত্ব বিবেচনায় নির্ধারিত ও যৌক্তিক ভাড়ায় রোগী পরিবহন ও লাশবাহী গাড়ির সেবা দেবে। এর ফলে রোগীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ কমার পাশাপাশি জরুরি বিভাগের সামনে অপ্রয়োজনীয় যানজট নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় রোগীদের সুবিধার্থে ট্রলি ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অতিবৃষ্টির সময় জরুরি বিভাগ ও বহির্বিভাগের সামনের সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন এবং এ ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় নিয়েও আলোচনা হয়।

সভায় রামেকহা হাসপাতালের পক্ষে আরও উপস্থিত ছিলেন রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, কোষাধ্যক্ষ ডা. মো. মুর্শেদ জামান মিয়া, ডা. মো. শফিকুল ইসলাম, রামেকহা’র মিডিয়া মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ, সহকারী পরিচালকবৃন্দ, ডা. মো. আবুল হাসানাত ও ডা. এস আই রবিন, ইএমও ইনচার্জ, উপসেবা তত্ত্বাবধায়ক, নার্সিং কো-অর্ডিনেটর, ওয়ার্ড মাস্টারবৃন্দ, রামেকহা পুলিশ বক্সের ইনচার্জ, আনসার ক্যাম্প ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএমপির পক্ষে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রাব্বানী শেখ, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে ডা. আয়েশা উপস্থিত ছিলেন। তিনি রোগীদের স্বার্থে গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের প্রতিনিধিত্ব করেন মো. নিশান, মো. ডালিমসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও আরএমপির গৃহীত যৌক্তিক পদক্ষেপ বাস্তবায়নে তারা সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সভায় রামেকহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয়, আন্তরিক ও সমন্বিত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘রোগীর স্বার্থই সকল পক্ষের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হওয়া উচিত।’ হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত এ উদ্যোগের মাধ্যমে রামেকহা-তে রোগীবান্ধব অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবহন ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত