শজিমেকে চিকিৎসক নিগ্রহ: দোষীদের গ্রেপ্তার দাবিতে ইন্টার্নদের সর্বাত্মক কর্মবিরতি
মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসকদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন কলেজটির ইন্টার্ন চিকিৎসকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে হাসপাতাল ক্যাম্পাসে কঠোর অবস্থানে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে থেকে বয়েজ হোস্টেল, লেকচার গ্যালারি ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এর পাশাপাশি, ইমার্জেন্সি ও এডমিশন রুম ব্যতীত হাসপাতালের আউটডোরসহ সকল কক্ষ তালাবন্ধ রাখা হয়েছে।
আন্দোলনকারীরা সকল কক্ষের চাবি নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি মিড-লেভেল চিকিৎসক ও রেজিস্ট্রারদেরও সম্মানজনকভাবে এই কর্মবিরতিতে অংশ নিতে বাধ্য করছেন। পুরো সময়জুড়ে ক্যাম্পাসে একত্রিত অবস্থান নিয়ে চিকিৎসকেরা জানান, আজ কনফারেন্স রুমে মিটিং চলাকালীন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা নিজেদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে তুলে ধরবেন। হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস মূলত শিক্ষার্থীদের, তাই এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা বদ্ধপরিকর বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালের সপ্তমতলায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলায় ৬ ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনসহ অন্তত ১২ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন তারা
আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলো হলো—হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃশ্যমান মামলা দায়ের, হাসপাতালে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শয্যাসংখ্যার অনুপাতে জনবল নিয়োগ এবং ওয়ার্ডে বিশৃঙ্খলা এড়াতে রোগীর সাথে একজনের বেশি অ্যাটেনডেন্ট প্রবেশ নিষিদ্ধ করা। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই কর্মস্থলে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দেলনকারীরা।
জেএইচ/