শেবাচিমে জমজমাট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রতিভাষ
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) অনুষ্ঠিত হলো বড় পরিসরের ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ‘এসবিএমসিডিএফ এলোকুয়েন্স ফাইভ পয়েন্ট জিরো ইন্ট্রামেডিক্যাল ডিবেট কম্পিটিশন ২০২৬’। প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়। ফাইনালে টিম প্রতিভাষ জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ৫৪ জন বিতার্কিকের অংশগ্রহণে অফলাইনে তিন রাউন্ড ট্যাবে প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। পরে শুক্রবার (২১ আগস্ট) কলেজের গ্যালারিতে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ আগস্ট) কলেজের ৪ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল। এতে টিম প্রতিভাষের হয়ে অংশ নেন ৫৫তম ব্যাচের মশিউর রহমান, ৫৬তম ব্যাচের মুইজ আহমেদ অর্নব ও ৫৭তম ব্যাচের সাবিহা ফারহানা। তাদের প্রতিপক্ষ ছিল টিম ফিনিক্স প্লেক্সাস। দলটির হয়ে বিতর্কে অংশ নেন ৫৬তম ব্যাচের শাইয়ান ইয়ামিন তাসিন এবং ৫৭তম ব্যাচের নিলয় বিশ্বাস ও সানজিদা বিনতে রাইহান।
ফাইনালে বিতর্কের বিষয় বা মোশন ছিল—‘এই সংসদ নিবন্ধনপ্রাপ্ত হেলথ কেয়ার প্রফেশনালস ব্যতীত অন্য কারো দ্বারা চিকিৎসা বিষয়ক কন্টেন্ট তৈরি, প্রচার বা পরামর্শ প্রদানকে অপরাধ হিসেবে গণ্য করবে।’
জমজমাট বিতর্ক শেষে ৩-০ ব্যালটে জয় পায় সরকারি দল টিম প্রতিভাষ। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন সরকারি দলের মন্ত্রী মশিউর রহমান।
এদিকে পুরো টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ৫৫তম ব্যাচের আরিফ হাসান, ৫৬তম ব্যাচের শাইয়ান ইয়ামিন তাসিন এবং ৫৭তম ব্যাচের রিপা ঘোষ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবাচিমের অধ্যক্ষ ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুর রহমান, এনেস্থিসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. অহিদা সুলতানা, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার এবং বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হানিফ হাওলাদার।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবাচিম ডিবেটিং ফোরামের সাবেক উপদেষ্টা ডা. মানসিব রাহাত অর্নব, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ডা. রেজওয়ান অয়নসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে শেবাচিম ডিবেটিং ফোরামের সাধারণ সম্পাদক ও ৫২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব উজ জামান বলেন, ‘বিতর্ক প্রতিযোগিতায় সাধারণত ১৮টি টিম পাওয়া দুরহ হয়ে পড়ে। সেখানে আমাদের মেডিকেলে আমরা ১৮টি টিম পাবো— এটা অভাবনীয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু চ্যাম্পিয়ন নির্বাচন করা নয়। একজন মেডিকেল শিক্ষার্থী যেন চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, নিজের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখে—সেই জায়গা থেকেই আমাদের এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে প্রতিযোগীরা নিজেদের প্রস্তুত করে অসাধারণ কিছু বিতর্ক উপহার দিয়েছে। তাদের এনথুজিয়াজম এবং পার্টিসিপেশন আমাদের পুরো আয়োজনকে সফল করেছে।'
এমআই/এমইউ