চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর: ডা. প্রভাত চন্দ্র
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সেই সাথে এসব ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যা করণীয়, তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক আরও বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে চলমান পরিস্থিতিতে চিকিৎসকদের ন্যায়সংগত দাবি ও প্রতিবাদের প্রতি সম্মান রেখে, রোগীদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়—এ বিষয়েও সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আহত চিকিৎসকের সার্বিক খোঁজ নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকের ওপর সংঘটিত এই হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে চেম্বার শেষে রিকশায় ওঠার সময় দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান গুরুতর আহত হন।
এইউ/