টাঙ্গাইল-সিরাজগঞ্জ মেডিকেলে আইসিইউ-ডায়ালাইসিস-ক্যাথল্যাব চালু কিনা, জানতে চেয়ে অধিদপ্তরের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), ডায়ালাইসিস ও ক্যাথল্যাব চালু আছে কি না, তা জরুরি ভিত্তিতে জানতে চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব সেবা বন্ধ থাকলে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকসের চাহিদা দুই কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস, ক্যাথল্যাবসহ সেবাগুলো চালু আছে কি না, তা জানাতে হবে। কোনো সেবা চালু না থাকলে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিকসের চাহিদা জরুরি ভিত্তিতে অধিদপ্তরে পাঠাতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও টাঙ্গাইল ও সিরাজগঞ্জ—দুই মেডিকেল কলেজ হাসপাতালই সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
এর আগে, গত ১৫ আগস্ট এ বিষয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। প্রতিবেদনে সারাদেশের ২৮ জেলার ৫৩টি সরকারি হাসপাতালে বিপুল অর্থ ব্যয়ে কেনা ১৪৮টি চিকিৎসাযন্ত্র বাক্সবন্দি পড়ে থাকার তথ্য উঠে আসে।
এরপরই টাঙ্গাইল ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবাগুলো বাস্তবে চালু আছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠি পাঠানো হলো।
এমআই/