১৭ অগাস্ট, ২০২৬ ০৯:৩৫ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প হয় বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে।

অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে। এর অবস্থান ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্বল্পমাত্রার এই ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।