২৪ অগাস্ট, ২০২৬ ০৬:০০ পিএম

মানসিক স্বাস্থ্য গবেষণায় ঢাবি ও ইএএসডির সমঝোতা

মানসিক স্বাস্থ্য গবেষণায় ঢাবি ও ইএএসডির সমঝোতা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (ইএএসডি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) ঢাবি কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইএএসডির সিইও ড. মো. শামিম হায়দার তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ঢাবির রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাবির রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইএএসডি গর্ভাবস্থার আগে, গর্ভাবস্থাকালীন এবং গর্ভাবস্থার পরবর্তী সময়ে নারীদের মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও স্ক্রিনিংয়ের লক্ষ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা করবে।

এছাড়া শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা মায়েদের জন্য টেলি-থেরাপিসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবা ভিত্তিক সমাধান নিয়ে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

চুক্তির আওতায় ভবিষ্যতে আরও গবেষণা, কর্মসূচি বাস্তবায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে গবেষণালব্ধ প্রমাণ ও জ্ঞান ছড়িয়ে দিতে যৌথভাবে সেমিনার, জ্ঞান বিনিময় অনুষ্ঠান ও সম্মেলনের আয়োজন করা হবে।

এছাড়া দুই প্রতিষ্ঠান গবেষণার ফলাফল পারস্পরিকভাবে বিনিময় ও প্রকাশের উদ্যোগ নেবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত