ঢাকা উত্তরে কলেরা টিকাদান শুরু আগামী সপ্তাহে
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী সপ্তাহ থেকে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ বুধবার (১২ আগস্ট) গুলশানে ডিএনসিসি নগর ভবন মিলনায়তনে ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, হামের টিকাদান কর্মসূচিতে সারাদেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় কাজ করে যাচ্ছে।
একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জনস্বাস্থ্য কার্যক্রম সফল করতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণের উদ্যোগ
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর কোথাও বর্জ্য জমে থাকলে তা সিটি করপোরেশনকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য পাওয়ার পর কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হবে।
নাগরিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকার জমে থাকা বর্জ্য পরিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ।
এমআই/