০২ অগাস্ট, ২০২৬ ০৩:২৮ পিএম
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী

পেশাগত দায়িত্ব পালনে সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শপথ নিলে বিশাল একটা দায়িত্ববোধ চলে আসে। একজন চিকিৎসকের শপথের সঙ্গে জনগণের প্রতি তার দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, মানবিকতা ও দায়বদ্ধতার বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত।

শনিবার (২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজের ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আপনারা আজ সেবার শপথ নিয়েছেন। সে শপথের অংশ হিসেবে চিকিৎসকদের সব সময় রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

তিনি আরও বলেন, শপথ গ্রহণের মাধ্যমে একজন চিকিৎসকের ওপর বড় দায়িত্ব অর্পিত হয়। রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধ এবং দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার মধ্য দিয়েই একজন চিকিৎসক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

মন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সংশ্লিষ্ট সবার আবেগ ও গর্বের জায়গা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আচরণ ও সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন ও ডা. মুর্শেদ জামান মিয়াসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ, প্রশিক্ষণরত চিকিৎসক এবং তাদের অভিভাবকেরা। 

ওরিয়েন্টেশন কর্মসূচিতে ৬২তম ব্যাচের মোট ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত