হাসপাতালে চুরির সময় আটক চোর, তিন লক্ষ টাকার ওষুধ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের সরকারি ওষুধ চুরির সময় এক চোরকে হতেনাতে আটক করা হয়েছে। এ সময় আটককৃত মো. নাছিমের কাছ থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকার ওষুধ উদ্ধার করেছে আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টায় সরকারি কর্মচারী হাসপাতালে এ ঘটনা ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার জানায়, ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে নাছিম নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি দ্রুত ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে অবহিত করেন।
খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে তিনটি স্মার্টফোন এবং তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
জেএইচ/
-
০৬ ডিসেম্বর, ২০২৩