লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজারে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আদ্-দ্বীনের নিবন্ধন ফিরে পেয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) হাসপাতালের নিবন্ধন সরকার ফিরিয়ে দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি ব্যবস্থাপনা-২ শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
হাসপাতালকে মানতে হবে যেসব শর্ত—
The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 অনুযায়ী সব বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে।
এছাড়া লাইসেন্সের শর্ত লঙ্ঘন করা হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এমআই/