২৪ জুলাই, ২০২৬ ০৬:২২ পিএম

হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং পরীক্ষায় ১৮৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৫ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। সব মিলিয়ে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮১০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে এক লাখ ২২ হাজার মানুষের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ১৫ হাজার ১৯৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ চার হাজার ৭১৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ এক হাজার ৫৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম সব বয়সী মানুষের হলেও শিশুদের ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটে, সেগুলোও জনস্বাস্থ্য বিশ্লেষণে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম বা হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৭৪ জন। ওই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে এত বেশি রোগী শনাক্ত হয়নি।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত