অ্যালকোহলের বিজ্ঞাপন এড়াতে বিশ্বকাপের ট্রফি গোপন করেছেন এমবাপে
মেডিভয়েস রিপোর্ট: মাঠে দুর্দান্ত গোলের পাশাপাশি মাঠের বাইরে নিজের আদর্শ ও নৈতিকতা নিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ফুটবলার ইচ্ছাকৃতভাবেই ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর, বিখ্যাত বিয়ার প্রস্তুতকারক কোম্পানি 'বাডওয়াইজার'র লোগো গোপন করছেন বলে খবর পাওয়া গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস এবং ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে অ্যালকোহল বা মদ্যপানের প্রচার এড়াতে এমবাপে এই সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বিশ্বকাপে ইতিমধ্যে একাধিক ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপে। নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পনসরের লোগো সংবলিত একটি বিশেষ ট্রফি দেওয়া হয়। এবারের বিশ্বকাপে এই ট্রফি দেওয়ার দায়িত্বে রয়েছে বাডওয়াইজার। তবে এমবাপে যতবারই এই ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, প্রতিবারই অত্যন্ত চতুরতার সাথে স্পনসর কোম্পানির নামটি হাতের আড়ালে বা অন্যভাবে লুকিয়ে রেখেছেন, যাতে ব্র্যান্ডটির কোনো প্রচার না হয়।
কিলিয়ান এমবাপে তার ব্যক্তিগত ইমেজ স্বত্ব নিয়ে অত্যন্ত সচেতন। তরুণ প্রজন্ম ও শিশুদের কাছে আদর্শ বা 'রোল মডেল' হওয়ায় তিনি কোনো ধরনের অ্যালকোহল, জুয়া (ক্রীড়া বাজি) কিংবা জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের সাথে নিজের নাম জড়াতে চান না। তার মতে, এ ধরনের পণ্যের প্রচার তার নিজের ও ভক্তদের ভাবমূর্তি নষ্ট করতে পারে।
সংবাদ সম্মেলন বর্জন ও জরিমানা
শুধু স্পনসরের লোগো লুকানোই নয়, পিএসজি (প্যারিস সেন্ট-জার্মেইন)-তে নিজের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের অনাকাঙ্ক্ষিত প্রশ্ন এড়াতে এমবাপে চলতি বিশ্বকাপে এখনো কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি। ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ-সেরা খেলোয়াড়ের সংবাদ সম্মেলনে আসা বাধ্যতামূলক। এমবাপে তা না করায় ফরাসি ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) জরিমানা গুনতে হচ্ছে।
তবে ফরাসি ফুটবল ফেডারেশন এমবাপের এই সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে। ফেডারেশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এমবাপের এই অনীহার কারণে ফিফা যতবারই জরিমানা করবে, তার পুরো অর্থ ফেডারেশন নিজেই পরিশোধ করবে।
অন্যদিকে, ফিফার কঠোর নিয়মের কারণে স্টেডিয়ামে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় এমনিতেই বেশ সংকটে রয়েছে বাডওয়াইজার। স্টেডিয়ামের ভেতর বিয়ার নিষিদ্ধের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে বিশ্বস্ত সূত্র অনুযায়ী ফিফার কাছে প্রায় ৪৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে এই মার্কিন কোম্পানিটি। তার ওপর এমবাপের মতো বিশ্বতারকার এমন লোগো লুকানোর ঘটনা ব্র্যান্ডটির জন্য নতুন এক অস্বস্তি তৈরি করল।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়েও এমন আচরণ করেন কিলিয়নি এমবাপে।
জেএইচ/
-
২৩ জুন, ২০২৬
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন