০৭ জুলাই, ২০২৬ ০৯:৩৬ পিএম

সুনামগঞ্জ মেডিকেলের হাসপাতাল অংশ ৬ সপ্তাহের মধ্যে চালুর সিদ্ধান্ত

সুনামগঞ্জ মেডিকেলের হাসপাতাল অংশ ৬ সপ্তাহের মধ্যে চালুর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল অংশ আগামী ৬ সপ্তাহের মধ্যে চালুর সিদ্ধান্ত হয়েছে। গত ১ জুলাই দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায়শই শিক্ষার্থীদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ জেলা হাসপাতালে গিয়ে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। সভায় স্বল্প সময়ের মধ্যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুকরণের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা অতিব জরুরি মর্মে আলোচনা হয়।

এর পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিসরে সীমিত বহির্বিভাগ আগামী ৬ সপ্তাহের মধ্যে চালুকরণ, আগামী অক্টোবর থেকে মেডিসিন অন্তবিভাগ (indoor) এবং ডিসেম্বরের মধ্যে হাসপাতালের অন্তর্বিভাগ (Indoor) চালুকরণের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় এ ছাড়াও হাসপাতাল চালুকরণের নিমিত্তে অনতিবিলম্বে ০১ জন পরিচালক/উপপরিচালক এবং চাহিদা অনুযায়ী শিক্ষক পদায়নের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আলোকে গত ৫ জুলাই সুনামগঞ্জ  ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক হিসেবে ডা. আহম্মদ হোসেনকে পদায়ন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত ছিলেন তিনি।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পদ সৃজন নিয়ে কলেজ অধ্যক্ষ সভাকে অবহিত করেন, হাসপাতালের পদ সৃজন কার্যক্রম সম্পন্ন না হওয়ায় লোকবল নিয়োগ করা সম্ভব নয়। পদ সৃজনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ পর্যায়ে দ্রুত অর্থ বিভাগের সম্মতি প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা প্রয়োজন।

এর আলোতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এর পদ সৃজনের কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্ত দ্রুত অর্থবিভাগে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত