সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় নারী চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: ধর্ষণ মামলায় একাধিকবার সমন জারি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালের সানজিদা ইসলাম নামে এক চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জে একটি গণধর্ষণ মামলায় ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন ডা.সানজিদা ইসলাম। পরে এই মামলার সাক্ষ্য প্রদানের জন্য তাকে আদালত থেকে বার বার তলব করা হলেও তিনি আদালতে উপস্থিত হননি।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, বিচারকার্য পরিচালনার স্বার্থে ডা. সানজিদা ইসলামকে একাধিকবার আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি হাজির হননি। পরে গত ২৯ জুন আদালত তাকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং ১ জুলাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই নির্দেশও তিনি পালন করেননি। ফলে আদালত তাকে ২৫০ টাকা জরিমানা করেন। সেই জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে ফৌজদারি কার্যবিধির ৬৭ ধারার বিধান মোতাবেক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
তিনি আরও বলেন, মামলার বিচারপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাক্ষীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের বারবার নির্দেশ অমান্য করায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএইচ/এমআর