তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলা বা স্বাস্থ্যসেবাকে বাণিজ্যিকীকরণ করা নয়। বরং বাস্তব স্বাস্থ্য সমস্যার সমাধানে সৃজনশীলতা, গবেষণা ও প্রমাণভিত্তিক উদ্যোগকে কাজে লাগানো এবং বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান তৈরি করাই একজন স্বাস্থ্য উদ্যোক্তার মূল দায়িত্ব। পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরশিপ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে হবে বলে জানান তিনি। যাতে তারা দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।
জুবাইদা রহমান আরও বলেন, বাংলাদেশের বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, সৃজনশীলতা এবং সমাজের জন্য কাজ করার মানসিকতাকে কাজে লাগাতে পারলে স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে কলমে শেখার সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বিত গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে হবে। এতে নতুন প্রজন্ম স্বাস্থ্যখাতের বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান উদ্ভাবনে সক্ষম হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগের বিস্তার, জনসংখ্যার বার্ধক্য, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের কারণে স্বাস্থ্যখাতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব সমস্যা কোনো একক প্রতিষ্ঠান বা খাতের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ, নতুন চিন্তা এবং বহুমুখী অংশীদারিত্ব।
কর্মশালায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএইচ/