আদ্-দ্বীনের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ জটিলতায় এনডিএফ’র উদ্বেগ
মেডিভয়েস রিপোর্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ–সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা যে সুনাম অর্জন করেছে, তা বজায় রাখতে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
আজ বুধবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনডিএফ’র সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এই উদ্বেগ জানান।
এনডিএফ’র অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি মেডিকেল শিক্ষার্থীরা দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও একাডেমিক নীতিমালা অনুসরণ করে তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে থাকে। তাদের ইন্টার্নশিপ-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানবিক, একাডেমিক ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বিষয়ে দীর্ঘসূত্রিতা বা অনিশ্চয়তা তাদের পেশাগত জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত।
এনডিএফ নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চমানের চিকিৎসা শিক্ষা প্রদান করে আসছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের চিকিৎসা শিক্ষা যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান নিশ্চিত করতে হবে, যাতে বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও পেশাগত অগ্রযাত্রা ব্যাহত না হয়।
এমআর/