২৪ জুন, ২০২৬ ০১:২৪ পিএম

বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দুই দিনব্যাপী ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (২৪ জুন) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষন কর্মশালায় বিএমইউর ৩৭ জন ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। 

উদ্বোধনী বক্তব্যে বিএমইউর ভিসি অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, ক্লিনিক্যাল গুড প্র্যাকটিস বিষয়ক কর্মশালা চিকিৎসা পেশায় পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিক্ষকদের জন্য আয়োজিত এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করার সাথে সাথে নিজ নিজ বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী, জুনিয়র চিকিৎসক ও অন্যান্য ফ্যাকাল্টিগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।

একইসাথে বাস্তব জীবনে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় কাজে লাগাতে হবে। এখান থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতের উন্নত সমৃদ্ধ সর্বাধুনিক স্বাস্থ্যখাত গড়ার অন্যতম চালিকা শক্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ক্লিনিক্যাল সেবা ও গবেষণার ক্ষেত্রে নৈতিক, পেশাগত এবং বৈজ্ঞানিক মানদন্ড সম্পর্কে সম্মিলিত বোঝাপড়াকে আরও শক্তিশালী করা। স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং শিক্ষাবিদ হিসেবে রোগী, সমাজ এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির প্রতি এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, চিকিৎসকদের গভীর দায়িত্ব রয়েছে। 

তিনি আরও বলেন, গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস এমন একটি কাঠামো প্রদান করে যা সততা এবং শ্রেষ্ঠত্বের সাথে এই দায়িত্বগুলো পালন করতে সাহায্য করে। বর্তমান যুগে ক্লিনিক্যাল গবেষণা ক্রমশ জটিল হয়ে উঠছে। গবেষক এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কাছ থেকে কেবল তথ্যপ্রমাণ তৈরি করাই প্রত্যাশিত নয়, বরং সেই সাথে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা করা, স্বচ্ছতা বজায় রাখা এবং সর্বোচ্চ নৈতিক মানদন্ড বজায় রাখাও সমানভাবে জরুরি।

সংশ্লিষ্টরা জানান, দুই দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জানতে পরেবেন। এর মধ্যে রয়েছে বায়োমেডিকেল এথিক্স (জীবচিকিৎসা নৈতিকতা), জনস্বাস্থ্য নৈতিকতা, পেশাগত দায়িত্ব, প্রশাসনিক নৈতিকতা, সাংগঠনিক সংস্কৃতি, নেতৃত্ব, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং স্বাস্থ্যসেবায় উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জসমূহ।

এই প্রোগ্রামটি অত্যন্ত ইন্টারেক্টিভ বা মিথস্ক্রিয়ামূলকভাবে ডিজাইন করা হয়েছে। উপস্থাপনার পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন আলোচনা, কেস অ্যানালাইসিস (ঘটনা বিশ্লেষণ), নৈতিক বিতর্ক এবং ব্যবহারিক অনুশীলনে অংশ নেবেন।

তারা আশা করেন, এই  প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে মান নিশ্চিতকরণ উদ্যোগ, গবেষণার উন্নয়ন এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব দৃঢ় করাসহ বিশ্ববিদ্যালয় জুড়ে ক্রমাগত মানোন্নয়নের একটি সংস্কৃতি গড়ে তুলতে অবদান রাখবে। একই সাথে বিএমইউর ফ্যাকাল্টিগণকে নৈতিক আচরণ, জবাবদিহিতা, পেশাদারিত্ব, দলগত কাজ এবং আজীবন শেখার প্রতি আগ্রহকে আরো উৎসাহিত করবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে ইথিক্যাল ইমপ্লিকেশনস ও প্রিন্সিপলস অফ বায়োইথিকস এন্ড পাবলিক হেলথ ইথিকস বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বুলুমবার্গ স্কুল এন্ড পাবলিক হেলথের সিনিয়র এসোসিয়েট মো. হাফিজুর রহমান।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবাইদা।

এইউ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত