আট বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি ও পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিওনেটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেবব্রত রায়কে সহযোগী অধ্যাপক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) ডা. সাথিয়া আযাযিয়া জান্নাতকে সহকারী অধ্যাপক (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) হিসেবে একই হাসপাতালে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) ডা. আফরোজা ইসলাম সুমা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. হাসিবুল হাসানকে যথাক্রমে নিওনেটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও আইসিইউর মেডিকেল অফিসার হিসেবে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সঙ্গে সংযুক্ত ওএসডি জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. মো. একরামুল রেজাকে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আওলাদ হোসেনকে সহকারী অধ্যাপক (মেডিসিন) হিসেবে পদায়ন করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি রেখে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
মানিকগঞ্জ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. শেখ জেবিন জাকিয়া সুলতানাকে ঢাকা মেডিকেল কলেজে এবং কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাসরিন আফরোজকে নোয়াখালী মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএইচ/এমআই