২৬ জুন, ২০২৬ ০৫:৫৭ পিএম

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতকে সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজ শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেবার মান আরও উন্নত করতে হবে। রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা স্থানীয়ভাবেই পান, সে বিষয়টি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেবার মানোন্নয়নের স্বার্থে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্বলতা দূর করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবির।

এ সময় স্থানীয় প্রশাসন, চিকিৎসক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক