১৪ জুন, ২০২৬ ০৩:৫১ পিএম

নারীদের জন্য নির্মাণ করা হবে দুইটি বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য নির্মাণ করা হবে দুইটি বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারীদের উন্নত চিকিৎসার জন্য দেড় হাজার শয্যার দুইটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবে বলেও জানান তিনি।

আজ রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দশ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে আরও নয় জেলার সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।

সরকার স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই পরিকল্পনার আওতায় সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। যার মধ্যে শুধুমাত্র নারীদের জন্য দেড় হাজার শয্যার ২টি বিশেষায়িত হাসপাতাল হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসার সুবিধাও থাকবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও সংযুক্ত করা হবে। মানুষের ঘরে ঘরে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ হাজার থাকবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন।

বিগত অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, অদক্ষ অন্তর্বর্তী সরকার টিকার পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি, টিবি ভ্যাকসিনের কোনো সিরিঞ্জ নেই, ভিটামিন ‘এ’ ট্যাবলেট নেই, এ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন (জলাতংক) নেই। যেটা আমাদের জাতির জন্য খুবই ভয়ানক। 

এর আগে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে জেলা সিভিল সার্জনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্ন না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান প্রমুখ।

এইউ/

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক