২০ মে, ২০২৬ ০৯:০৭ পিএম

শতামেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ

শতামেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বোনস সেট বিতরণ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের (শতামেক) শিক্ষার্থীদের একাডেমিক সহযোগিতার অংশ হিসেবে বিনামূল্যে বোনস সেট বিতরণ করেছে দাওয়াহ সার্কেল অব শতামেক। মঙ্গলবার (১৯ মে) কলেজ প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো এই বোনস সেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে ২১ জন শিক্ষার্থীর মাঝে ৬টি সম্পূর্ণ বোনস সেট বিতরণ করা হয়। এর মধ্যে ১২ জন ছাত্র ও ৯ জন ছাত্রী রয়েছেন।

দাওয়াহ সার্কেলের প্রতিনিধিরা জানান, গত বছর থেকে শুরু হওয়া এই উদ্যোগের ধারাবাহিকতায় এবারও নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকায় এবং সীমিত সক্ষমতার কারণে সকল আবেদনকারীকে বোনস দেওয়া সম্ভব হয়নি।

ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান আয়োজকরা। 

তারা জানান, মেডিকেল শিক্ষার্থীদের অনুদানে গড়ে ওঠা ‘দাওয়াহ সার্কেল বোনস ব্যাংক’ থেকে এসব বোনস সংগ্রহ করা হয়েছে। সিনিয়র শিক্ষার্থীরা জুনিয়রদের সহযোগিতার জন্য প্রতি বছরই এই ব্যাংকে বোনস দান করে।

অনুষ্ঠানে বোনস ডোনেট করে উদ্যোগটিতে ভূমিকা রাখা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দাওয়াহ সার্কেলের প্রতিনিধি ডা. নাজমুস সাকিব জুবায়ের মেডিভয়েসকে বলেন, ‘মেডিকেল শিক্ষার শুরুতেই অ্যানাটমি বিভাগের জন্য বোনস সেট একটি অত্যন্ত জরুরি ও ব্যয়বহুল উপকরণ। অনেক শিক্ষার্থীর পক্ষেই এটি সংগ্রহ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের এই একাডেমিক সংকট দূর করতেই আমাদের বোনস ব্যাংক কাজ করে যাচ্ছে।’

বোনস বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিশকাতুল মাসাবিহ।

এমআর/এমইউ

  এই বিভাগের সর্বাধিক পঠিত