হামের টিকা ৬১% সম্পন্ন, এক সপ্তাহে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: হামের টিকার লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ কাভার করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিন এক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করেছি। এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে। এরই মধ্যে অনেক জায়গায় শতভাগ অর্জিত হয়েছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন আর কোনো হামের রোগী নেই।’
হামের সংক্রমণ ও টিকাদান প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ছয় বছর হাম প্রতিরোধে শিশুদের কোনো ভ্যাকসিনেশন হয়নি। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে সহযোগিতা না করলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।’
তিনি আরও বলেন, ‘আগামী মাসের ৫ তারিখে সারা দেশে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, আমি তা ১৪ দিন এগিয়ে এনেছি। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে আমরা ২০ এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করেছি।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিন এক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং আগামীকাল দেশের সব কেন্দ্রে পৌঁছে যাবে বলেও তিনি জানান।