ক্যান্সার হাসপাতালে ‘বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘বর্ণীল অতীত ও আলোকিত ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) ক্যান্সার হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন সেবার মানোন্নয়ন ও আস্থার ভিত্তি আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, ২০০৩ সালে ১৫০ শয্যার এ হাসপাতালকে উন্নীতকরণের লক্ষ্যে এনআইসিআরএইচ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তার নেতৃত্বে হাসপাতালটি ৩০০ শয্যায় উন্নীত হয়। এ কাজে তাকে সহযোগিতা করেন ডা. এ এফ এম কামাল উদ্দিন, ডা. মোহাম্মদ সালেহউদ্দীন সাইদ, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. মো. রফিকুল ইসলাম ও ডা. মো. রশিদ উন নবী।
বক্তারা বলেন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এই প্রতিষ্ঠানকে একটি বিশ্বমানের ক্যান্সার সেন্টার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তার পরিকল্পনায় ছিল ক্যান্সার নিয়ন্ত্রণ, সঠিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা, গবেষণা, উচ্চশিক্ষা এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি। তবে ২০০৮ সালে তাকে রাজনৈতিক কারণে প্রকল্প পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আলোচনা সভায় সাবেক প্রকল্প পরিচালকের স্বপ্নভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তাদের বক্তব্যে হাসপাতালের অতীত অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮টি বিভাগীয় ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে এসব কেন্দ্র চালু হলে ঢাকায় রোগীর চাপ কমবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোস্তফা আজিজ সুমন। তিনি গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের পরামর্শ নিয়ে হাসপাতালের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে তিনি উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।