হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকার বাইরে ছিল: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামে আক্রান্ত রোগীদের মধ্যে ৭৪ শতাংশই হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ করেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার বাইরে থাকার কারণেই দেশে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছে সংস্থাটি।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অধিদপ্তরের সভাকক্ষে দেশের সার্বিক হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মোট আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশ কোনো ধরনের টিকা নেয়নি। এছাড়া ১৪ শতাংশ শিশু টিকার মাত্র একটি ডোজ পেয়েছিল।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো শিশুকেই টিকার বাইরে রাখা হবে না। বর্তমানে দেশে হামের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে থাকলেও তা দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মহাপরিচালক জানান, ইতোমধ্যে ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ কমতে শুরু করেছে।
শিশুদের হামে আক্রান্ত হলে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সব হাসপাতালে পৃথক চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে, তাই স্থানান্তরের প্রয়োজন নেই।
এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়মিত টিকাদান কর্মসূচির জন্য নতুন টিকা দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।